ফখরুলকে অতিথি করায় ফুটবল ম্যাচ হতে দেয়নি পুলিশ!
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করায় গতকাল শনিবার রাজধানীতে একটি প্রীতি ফুটবল ম্যাচ পুলিশ হতে দেয়নি বলে অভিযোগ করেছেন আয়োজকেরা।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও প্রীতি ম্যাচ উদ্যাপন কমিটির আহ্বায়ক আমিনুল হক। এ সময় সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ (নকিব), মতিউর মুন্না, আমিন রানা, মেজবাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আমিনুল হক বলেন, খেলার প্রস্তুতি নিতে সকাল ১০টার দিকে লোকজন মাঠে যায়। তখন পুলিশ গিয়ে খেলার সরঞ্জাম সরিয়ে নিতে এবং লোকজনকে মাঠ থেকে বের হয়ে যেতে বলে। কারণ জানতে চাইলে তাঁরা থানায় যোগাযোগ করতে বলেন। তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমিসহ কয়েকজন ফুটবলার থানায় যাই। তখন কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আপনারা মির্জা ফখরুলকে প্রধান অতিথি করেছেন। মাঠের পাশে শেখ সেলিমের বাসা। এখানে তো খেলার আয়োজন করতে পারবেন না।”’ এরপর বেলা একটার দিকে পুলিশ মাঠের ফটকে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন আমিনুল হক।
এ বিষয়ে বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান গত রাতে বলেন, আয়োজকেরা খেলা অনুষ্ঠানের জন্য পুলিশের কোনো অনুমতি নেয়নি। এর সঙ্গে মির্জা ফখরুলকে প্রধান অতিথি করা না করার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।