ফখরুলকে আবার ব্যাখ্যা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছিলেন, সে বিষয়ে তাঁর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি সর্বোচ্চ আদালত। তাঁকে আবার নতুন করে ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
শুরুতে মির্জা ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন আদালতে হলফনামা দাখিল করেন। পরে তিনি বলেন, একটি গোলটেবিল বৈঠকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম এ মতিনের বক্তব্যের সূত্র ধরে মির্জা ফখরুল ওই কথা বলেছিলেন। বিচার বিভাগকে হেয় করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা রাজনীতিবিদ। বিচার বিভাগ নিয়ে মন্তব্য না করাই ভালো। আপনাদের মন্তব্যে আমরা শকড হই।’ তিনি বলেন, ‘রাজনীতি করেন আপত্তি নাই। তবে রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে না আনাই ভালো।’ পরে প্রধান বিচারপতি পুনরায় ব্যাখ্যা জমা দিতে সোমবার পর্যন্ত সময় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
সিলেটে বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন গত ১৮ ফেব্রুয়ারি সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২২ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে এ ব্যাখ্যা দিতে বলা হয়।
৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।