ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে তাৎক্ষণিক হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আজ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে হরতাল পালন করছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। চলবে আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

আজ বিকেলে মির্জা ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপি পুলিশ পাহারায় এক প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মোহাম্মদ আলী সড়কে দলীয় কার্যালয়ে শেষ হয়। সে সময় জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সাল আমীন এ হরতালের ঘোষণা দেন।

মির্জা ফয়সাল আমীন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের প্রতিবাদে এই মুহূর্ত থেকে জেলায় আজ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হলো।’ এ ঘোষণার পরপরই শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, ‘হরতাল ডেকে অরাজকতা ও নাশকতা করার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’