কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপির ‘অনুরোধে’ এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘রক্ষা’ করতেই তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
সাক্ষাতের দুই মাস পর গতকাল শুক্রবার রাজধানীতে শত নাগরিক কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘কদিন আগে আমি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলাম। সেখানে বলেছিলাম, আমি কোনো দিন প্রেম করিনি। আমার প্রেম হচ্ছে বঙ্গবন্ধু, বাংলাদেশ।... সেদিন বলে এসেছিলাম, জামায়াতের সঙ্গে স্বর্গেও যাব না।’
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের আগের দিন অধ্যাপক এমাজউদ্দীন আহমদকে নিয়ে বিএনপির মিত্র জামায়াতে ইসলামীর একটি বিবৃতির উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াত বলেছিল, এমাজউদ্দীন আহমদ বিএনপির কেউ নন। তাঁর মতামত (২০-দলীয় জোট সম্পর্কে) দেওয়ার কোনো এখতিয়ার নেই। আমি ভেবেছিলাম, ৪ আগস্টের আলোচনায় যাব না। তারপরও আমি গিয়েছিলাম তাদের (বিএনপির) অনেক অনুরোধে। গিয়েছিলাম ফখরুল ইসলামকে রক্ষা করার জন্য।’
গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এর বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে কাদের সিদ্দিকী খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করেন।