ফখরুলসহ বিএনপির ৪৬ নেতা-কর্মীর শুনানি পেছাল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে আগুন দেওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ২৮ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক এই তারিখ ধার্য করেন। মির্জা ফখরুলের আইনজীবী জয়নাল আবেদিন বলেন, আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মহানগর হাকিম আতাউল হক এই তারিখ ধার্য করেন।
জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, এই মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা এম কে আনোয়ার বর্তমানে কারাগারে। কিন্তু কারাগার থেকে তাঁকে আদালতে হাজির না করায় আমরা আদালতের কাছে সময় আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করে আগামী ২৮ জানুয়ারি অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তেজগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক ইসমাইল মজুমদার বাদী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মোট ৩৬ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে গত বছরের ২৫ মে ডিবির পরিদর্শক নুরুল আমিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আস ম হান্নান শাহ, এম কে আনোয়ারসহ ৪৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।