ফখরুলের কারণে পুলিশি বাধায় পণ্ড অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বাধায় স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠান করতে পারেনি বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)। কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।

আজ শনিবার বেলা তিনটায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। মির্জা ফখরুলও আর অনুষ্ঠানস্থলে যাননি।

অ্যাবের সদস্যসচিব হাসান জাফির প্রথম আলোকে বলেন, তাঁরা স্বাধীনতা দিবসের আলোচনা সভা করার জন্য কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলটি ভাড়া নিয়েছিলেন। আজ বেলা তিনটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার এক ঘণ্টা আগ থেকে পুলিশ গিয়ে হলের সামনে অবস্থান নেয়। পুলিশ তাঁদের জানায়, বিএনপির মহাসচিবের কোনো অনুষ্ঠান করা যাবে না। এ জন্য তাঁদের ‘ওপরে’ পুলিশের মহাপরিদর্শক বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক মামুন শাহ সাংবাদিকদের বলেন, তিনি নিয়মিত দায়িত্ব পালন করতে এসেছেন। এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।