ফখরুলের গাড়ি ভাঙচুরের মামলা হাস্যকর: খালেদা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফখরুলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মামলাকে ‘মিথ্যা’ ও ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, এজাহারে নাম না থাকা সত্ত্বেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা ফখরুলের নাম অন্তর্ভুক্ত করে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ রোববার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে নির্মূল করে একদলীয় শাসনকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেই নিরবচ্ছিন্নভাবে চক্রান্তের জাল বুনে যাচ্ছে। মিথ্যা মামলায় জড়িয়ে অভিযোগপত্রে নাম অন্তর্ভুক্ত করে মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সেই চক্রান্তেরই অংশ। তিনি বলেন, এই অবৈধ সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে, এটা টের পেয়েই নানাভাবে, নানা কায়দায় বিরোধী দলকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরানো এই অবৈধ সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আর এ জন্যই জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য হত্যা, গুপ্তহত্যা, জখম, গুম, অপহরণের মতো ভয়ংকর মানবতাবিরোধী ঘটনার পাশাপাশি বিরোধী দলের নেতারা মুখ যেন খুলতে না পারেন সে জন্য তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে রাখা হচ্ছে। আর এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজ দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে।