ফখরুলের বক্তব্য শিষ্টাচারবহির্ভূত: নাসিম

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, জনগণই এর জবাব দেবে—এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দল আয়োজিত সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ‘আওয়ামী লীগ খুনি দল, শেখ হাসিনা খুনি’—গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা বাংলাদেশের ইতিহাস জানে, তারা আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক আদর্শ সম্পর্কে জানে। গত কয়েক দশকের ইতিহাসে প্রমাণ হয়েছে বিএনপি খুনের রাজনীতি করে।’ তাঁর ভাষ্য, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে। তারা হতাশায় নিমজ্জিত।
মোহাম্মদ নাসিম দাবি করেন, সাক্ষ্যপ্রমাণে এটা আজ স্পষ্ট, ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও তখনকার মন্ত্রিসভার সদস্যরা জড়িত। এদের বিচার হবেই। কেউ রেহাই পাবে না। বিএনপিকে মিথ্যাচার ত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো সময় আছে মিথ্যাচার ও অগণতান্ত্রিক পথ ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে আসুন।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।