ফখরুলের ব্যাখ্যা জানতে চেয়েছেন আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
নাশকতার অভিযোগে করা তিন মামলায় হাইকোর্টের দেওয়া জামিন অব্যাহত রাখতে আপিল বিভাগে আবেদন করেছিলেন মির্জা ফখরুল। গতকাল বৃহস্পতিবার ওই তিনটি আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই ব্যাখ্যা চান। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
আদেশের পর মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, সম্প্রতি মির্জা ফখরুল সিলেটে বিচার বিভাগ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আদালত সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন। এ বিষয়ে ২২ ফেব্রুয়ারি শুনানি হবে। ওই দিন মির্জা ফখরুলের জামিনের বিষয়টিও আদেশের জন্য রাখা হয়েছে।
৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
গতকাল আপিল বিভাগে এই আবেদনের শুনানির সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানির একপর্যায়ে তিনি বলেন, টকশোতে বিচার বিভাগ নিয়ে কথা বলার জন্য একটি দিকনির্দেশনা (গাইডলাইন) তৈরি করে দেওয়া হোক। তবে এ বিষয়ে আদালত কিছু বলেননি।
গত বছরের ২৪ নভেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন অব্যাহত রাখার জন্য আপিল বিভাগে আবেদন করেন মির্জা ফখরুল।