ফখরুলের মুক্তিতে প্রশাসনিক বাধা সৃষ্টি করা হচ্ছে: বিএনপি

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির ক্ষেত্রে সরকার প্রশাসনিক বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
রিপন বলেন, এ বাধা অপসারণ করে মির্জা ফখরুলের মুক্তি দ্রুত ত্বরান্বিত করা হবে বলে তাঁরা আশা করছেন। বিএনপি সহযোগিতা এবং সমঝোতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর দেখতে চায়। তিনি অভিযোগ করেন, সরকারের সদিচ্ছা না থাকায় জামিন পাওয়ার পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাচ্ছেন না। এক দিকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিরোধীদলের নেতা কর্মীরা জামিনের জন্য আদালতে যাচ্ছেন, আর অন্যদিকে সরকার আইনকে ব্যবহার করে বিরোধীদলের নেতা কর্মীদের দমনের পথ বেছে নিয়েছে। সরকার বিরোধীদের ওপর যে আচরণ করছে তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। বিএনপি নেতারা কে কী কাজ করতে পারেন তা সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনী জানে।