ফটিকছড়িতে দুপক্ষের সংঘর্ষে আহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাজিরহাটের ঝংকার এলাকায় জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দিতে ইসলামী ফ্রন্টের ফটিকছড়ি দক্ষিণ শাখার একদল নেতা-কর্মী চাঁদের গাড়িযোগে সেখানে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাঁরা নানুপুর জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ঢুকে পড়েন। তাঁদের অভিযোগ, মাদ্রাসার ভেতর থেকে তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। বিষয়টি নিয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা মো. বেলালের সঙ্গে ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইসলামী ফ্রন্টের নেতা-কর্মী ও মাদ্রাসার ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. বেলাল (৫৫), শিক্ষা পরিচালক মো. জসিম উদ্দিন (৩০), দারোয়ান মো. জাহাঙ্গীর (২৪), বাবুর্চি মো. মিনহাজ (১৭) ও মোজাহের (১৯), ছাত্র মো. জোনায়েত (১৩), মো. আনোয়ার (২০), আবদুল কাইয়ুম (১৬), মো. শওকত (২৭), খোরশেদ (১৮), মো. শোয়াইব (১৫), মো. রাকিব (১৭), লুৎফুর রহমান (১৭), একরাম (১৫) ও জসিম (১৮) আহত হন। অন্যদিকে সংঘর্ষে ইসলামী ফ্রন্টের সমর্থক নওশাদ (২৫), নিশাদ (২০), নজিবুল হক (২৫), আবির (২৫), মোস্তাক আহমেদ (২৩), মো. শাহজাহান (২৬), মো. জাহেদ (২২) ও হুমায়ুন কবির (৩৫) আহত হন।
মাদ্রাসার পরিচালক মো. বেলাল, শিক্ষা পরিচালক জসিম উদ্দিন ও শিক্ষার্থী মো. আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা উপজেলার নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
মাদ্রাসার শিক্ষক মাওলানা লিসানুল হক বলেন, ‘শুক্রবার হওয়ায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। এ ঘটনায় আমাদের কোনো শিক্ষার্থী বা অন্য কেউ জড়িত নয়। ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা অতর্কিতে আমাদের মাদ্রাসায় হামলা চালায়।’
ইসলামী ফ্রন্টের ফটিকছড়ি দক্ষিণ শাখার সভাপতি এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদ্রাসা এলাকায় পৌঁছলে আমাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়। বিষয়টি মাদ্রাসার প্রধান পরিচালকের কাছে জানতে চাইলে তাঁরা আমাদের ওপর অতর্কিতে হামলা চালান। এতে আমাদের আট কর্মী আহত হন।’
গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাদ্রাসার ভেতরে পুলিশ ও শত শত মানুষ ভিড় করে আছেন। মাদ্রাসাসংলগ্ন রাস্তার পাশে উল্টো হয়ে পড়ে আছে পাঁচটি চাঁদের গাড়ি। এসব গাড়ি করে ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা সমাবেশে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মাদ্রাসায় হামলার কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী ইসলামী ফ্রন্টের সমর্থকদের ধাওয়া দিলে তাঁরা গাড়ি রেখে পালিয়ে যান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।