ফরম কিনে নির্বাচনকে তামাশা বলা 'দ্বিচারিতা': আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ
আওয়ামী লীগ

সিটি করপোরেশন নির্বাচনে একই সঙ্গে বিএনপি নেতাদের মনোনয়ন ফরম কেনা এবং সেই নির্বাচনকে দলের পক্ষ থেকে ‘তামাশা’ বলাকে ‘দ্বিচারিতা’ বলে আখ্যায়িত করেছে আওয়ামী লীগ। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সিটি করপোরেশন নির্বাচনকে ‘তামাশা’ বলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতারা এমন মন্তব্য করেছেন।
দলটির নেতারা মনে করেন, বিএনপি শুধু এই সিটি করপোরেশন নয়, ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও অংশ নেবে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে প্রমাণ হয় খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে আসবেন। ২০১৯ সালের সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আসবেন। এর কোনো বিকল্পও নেই। জাতীয় পার্টির (জেপি) আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি ও বনমন্ত্রী আনোয়ার হোসেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ‘তামাশা’ বলার বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘তাঁরা ইলেকশনের দিন পর্যন্ত তামাশা বলে। একদিকে তামাশা বলে, অন্যদিকে ইলেকশনে অংশ নেয়। এটাতো দ্বিচারিতা।’
‘আপনার কি মনে হয়, বিএনপি সিটি নির্বাচনে আসবে? ’-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আমরা আশাবাদী। ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে তারা যে ভুল করেছে, তা শোধরানোর প্রাথমিক কাজটা সিটি ইলেকশনে অংশ নিয়ে করবে।’
বিএনপির দেওয়া বিবৃতিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য নূহ-উল আলম লেনিন প্রথম আলোকে বলেন, ‘দেশবাসী আশা করেছিল, যে সন্ত্রাসী রাজনীতি তারা (বিএনপি) গ্রহণ করেছিল, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক ফিরে আসবে। কিন্তু আজকে তাঁদের বিবৃতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক ধারাকে কার্যত প্রত্যাখ্যান করা হয়েছে। মনে হয় না তাঁরা আর গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে ফিরে আসবে। সন্ত্রাসের ধারাতে ফিরে যাবে বলে আমার আশঙ্কা।’ তিনি বলেন, ‘দেখলাম বিএনপির অনেকে মনোনয়ন পত্র কিনেছে। এটা নির্দলীয় নির্বাচন। বিএনপির কেউ যদি নির্দলীয়ভাবে অংশ নেয়, তাহলে তাঁদের আমরা স্বাগত জানাব। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়, তা নিশ্চিত করা হবে। তবে কারও পক্ষ থেকে নির্বাচনের বাতিলের চেষ্টা করা হলে, আইন তার নিজস্ব গতিতে চলবে।’