ফরহাদ মজহারকে অপহরণ সরকারবিরোধীদের জন্য বার্তা: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে অপহরণের পেছনে সরকার জড়িত বলে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি একটি মেসেজ (বার্তা)। যাঁরা বিএনপিকে নিয়ে কথা বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলেন, তাঁদের হুঁশিয়ার করছে সরকার। কেউ যদি এমন করো, তোমাদের অবস্থাও ফরহাদ মজহারের মতো হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক কর্মিসভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিরোধী দলকে ভয় পাইয়ে দেওয়ার মেসেজ হচ্ছে কবি ও লেখক ফরহাদ মজহারকে অপহরণ। অপহরণের নামে সাজানো নাটক করা হয়েছে। আর সেই নাটকের পরিচালক ও প্রযোজক হচ্ছে সরকার, স্বয়ং শেখ হাসিনা।’

রিজভী বলেন, নির্বাচনের আগে এসব নাটক করে কোনো লাভ হবে না। গুম-খুন-হত্যা যা কিছুই করা হোক, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না, হতে পারে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে।

বিএনপির এই নেতা বলেন, ‘অপহরণকারীরা লেখক ফরহাদ মজহারকে তাঁর ব্যক্তিগত ফোন ব্যবহার করে স্ত্রীর সঙ্গে কথা বলাচ্ছেন। এটা বুঝতে কি ব্যারিস্টারি পাস করতে হয়? নাকি জার্মান-অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি নিতে হবে। এটা পাগলও বোঝে যে রাষ্ট্রই এই অপহরণের সঙ্গে জড়িত। সরকারের কথায় পুলিশ এসব নাটক করে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আল্লাহর কাছে হাজার শোকরিয়া যে ফরহাদ মজহারকে হজম করতে পারেনি। যেভাবে সালাহউদ্দিন আহমেদের মতো একজন সাবেক মন্ত্রীকে অদ্ভুত এক নাটক সাজিয়ে বাংলাদেশ এবং ভারতের সরকার ও তাদের গোয়েন্দা বাহিনী অপহরণ করে ভারতে পাঠিয়ে দিল, তাতে ফরহাদ মজহার গুম হলে অবাক হওয়ার কিছু ছিল না।’

রিজভী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত একটি বৃহত্তর রাষ্ট্র, যারা নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে। অথচ শেখ হাসিনার অন্যায় আবদার, গুম-খুনকে প্রশ্রয় দিচ্ছে তারা, যার শিকার সালাহউদ্দিন আহমেদ। ঠিক এ রকমই একটি ঘটনা ঘটতে যাচ্ছিল ফরহাদ মজহারের ক্ষেত্রেও। তাঁকেও সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।