ফরিদগঞ্জে কয়েকজনের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁদের কয়েকজন গতকাল বুধবার জনসংযোগ করেন।
দলীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাবেক সভাপতি মাহবুবুল বাশার কালু পাটওয়ারী, উপজেলা যুবলীগের সভাপতি মাসুদ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মোতায়ের হোসেন; পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির পাটওয়ারী। এ ছাড়া এবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র মঞ্জিল হোসেন। তিনি দ্বিতীয় দফায় মেয়রের দায়িত্ব পালন করছেন। আবারও জয়ের ব্যাপারে আশাবাদী।
মনোনয়নপ্রত্যাশী আবুল খায়ের ও মাসুদ ভূঁইয়া এবং মেয়র মঞ্জিল হোসেন গতকাল বেলা তিনটা থেকে বাজারের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভুইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা যাঁকে নির্বাচন করার অনুমতি দেব, তিনিই হবেন আমাদের দলীয় প্রার্থী। এর বাইরে কেউ নির্বাচন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ বলেন, কেন্দ্র থেকে এখনো নির্দেশনা পাইনি। পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।