ফরিদপুর ও মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ঘে আহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর ও মাগুরার শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। এর মধ্যে সদরপুরে ১ সাংবাদিকসহ ১০ জন এবং শ্রীপুরে অন্তত ১২ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরপুরের সদর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ফরিদপুরের সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলার মাসিক সমন্বয় সভা চলছিল। এতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী যোগ দেন। সভায় তাঁর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমানের কথা-কাটাকাটি শুরু হলে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান।

দলীয় সূত্র জানায়, সভা শেষ হওয়ার পর সাংসদ কর্মী-সমর্থকদের নিয়ে সদরপুর বাজারের দিকে গেলে শফিকুর রহমান একটি মিছিল নিয়ে সেদিকে যান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দৈনিক আমার সংবাদ পত্রিকার সদরপুর প্রতিনিধি তোফাজ্জেল হোসেনসহ (৩৫) ১০ জন আহত হন। আহত তোফাজ্জেলকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদরপুরের ইউএনও রোকসানা রহমান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সদরপুরের সদর ইউনিয়নে গতকাল দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিক্সন চৌধুরী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর বিনা উসকানিতে হামলা চালিয়েছে। তাদের হাতে সাংবাদিক আহত হয়েছেন।’

তবে কাজী শফিকুর রহমান পাল্টা অভিযোগ করেন, ‘সাংসদের সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়।’ তিনি বলেন, ‘আত্মরক্ষার অধিকার আমাদের আছে।’

সদরপুর থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

মাগুরায় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র বলেছে, শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়ার কর্মী-সমর্থকদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহর কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুতুবুল্লাহ শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং মুস্তাসিম বিল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

কুতুবুল্লাহ অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বর্তমান চেয়ারম্যান মুস্তাসিমের সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর প্রায়ই হামলা চালাচ্ছে। গতকাল সকালেও প্রতিপক্ষের লোকজন তাঁর নিজের বাড়িসহ সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।

তবে মুস্তাসিম বিল্লাহ পাল্টা অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান ও তাঁর লোকজন এলাকায় নানাভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। গতকাল সকালে কুতুবুল্লাহর লোকজন পূর্ব শ্রীকোল গ্রামে দুটি বাড়িতে ভাঙচুর চালায়। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে শ্রীপুর থানা-পুলিশের সঙ্গে যোগ দেন। এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।