ফরিদপুর জেলা আ.লীগের সম্মেলন মঙ্গলবার
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে আগামী মঙ্গলবার শহরের প্রাণকেন্দ্রে অম্বিকা ময়দানে। এ উপলক্ষে পুরো শহর ব্যানার, বিলবোর্ড ও পোস্টারে ছেয়ে গেছে। নির্মাণ করা হয়েছে নৌকা প্রতীক-সংবলিত বেশ কয়েকটি তোরণ।
এসব ব্যানার, বিলবোর্ড, পোস্টার ও তোরণের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে, এ সম্মেলনে কে কে জেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হতে চান।
সর্বশেষ ১৯৯৫ সালের ১৬ মে হয়েছিল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল হাসানসহ অনেক নেতা মারা গেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রত্যাশা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা, শামসুল হক ও সুবল সাহা এবং সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতউল্লাহ সাকলাইন, নগরকান্দা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর প্রমুখ।
লোকমান হোসেন ও সুবল বিশ্বাস প্রথম আলোকে বলেন, দলের সভাপতির পদ দেওয়া হলে তাঁরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
বিপুল ঘোষ বলেন, ‘দলীয় পদের জন্য ব্যানার, বিলবোর্ড, পোস্টারের রাজনীতি আগেও কখনো করিনি, ভবিষ্যতেও করব না।’ শামসুল হক বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে একজন প্রার্থী। তবে আমি বিলবোর্ড লটকিয়ে প্রার্থিতা জাহিরের পক্ষপাতী নই।’
সাধারণ সম্পাদক পদে শহরের ব্যানার, পোস্টার ও তোরণ দেখা গেছে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেনের নামে। অন্য কেউ এই পদের জন্য এভাবে প্রচার না করলেও জেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেছেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী।’