ফরিদপুর জেলা আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ মার্চ ফরিদপুরে একমাত্র মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন। তাঁর উপযুক্ত মেয়ে মায়ের আপ্যায়ন ও যত্নের কোনো ত্রুটি রাখবেন না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুরে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন এভাবেই সার্বিক প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতারা বলেন, প্রধানমন্ত্রীর ফরিদপুরে আগমন স্মরণীয় করে রাখার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে ১২৬টি তোরণ। বদরপুর থেকে শুরু করে সিঅ্যান্ডবি ঘাট এবং হাড়োকান্দির নদী গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গোয়ালচামটের ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের দুই পাশে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে সড়কের দুই পাশে ও বিভিন্ন ভবনে স্থাপন করা হয়েছে শত শত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।
এদিকে গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে শহরে মাইকিং করে জানানো হয় মঙ্গলবার বিকেল ৪টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরিদপুর শহরে ইজিবাইক, সাইকেল, রিকশা, মোটরসাইকেলসহ দুই চাকা ও তিন চাকার সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সফরসূচি অনুযায়ী আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বেলা তিনটায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় নামাজ ও মধ্যাহ্ন বিরতির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ফরিদপুর শহরতলির বদরপুরস্থ ‘আফসানা মঞ্জিল’-এ অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ।