মহান স্বাধীনতা দিবসে গতকাল রোববার ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের দুটি অংশ পৃথকভাব কর্মসূচি পালন করেছে।
সকাল পৌনে সাতটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার নেতৃত্বাধীন অংশ শহরের থানা রোডের দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করে। আর সকাল পৌনে আটটার দিকে সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বাধীন অংশ দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করে।
সভাপতির পক্ষ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেওয়া হয়।
পরে তারা মিছিল করে শহরের গোয়ালচামটে শহীদদের নামসংবলিত বেদিতে গিয়ে ফুল দেয়।
এরপর তারা জেলা প্রশাসক আয়োজিত স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় অংশ নেয়।
এ সময় দলীয় সভাপতি ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন ওরফে বাবর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপর দিকে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ সকাল পৌনে আটটার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেয়।
তারপর মিছিল করে গোয়ালচামটে শহীদ বেদিতে গিয়ে এক মিনিট নীরবতা পালন, মোনাজাত ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সদস্যসচিব আইভী মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সমীর বোস প্রমুখ।