ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভক্ত হয়ে বিজয় দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সভাপতির নেতৃত্বাধীন অংশ এবং সোয়া আটটার দিকে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ দলীয় কার্যালয়ে কর্মসূচি শুরু করে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে সভাপতি সুবল চন্দ্র সাহার নেতৃত্বাধীন অংশ শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। এরপর নেতা-কর্মীরা শহরের গোয়ালচামট মহল্লায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামসংবলিত স্মৃতিসৌধে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে শেখ জামাল স্টেডিয়ামের পূর্বপাশে গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নেন। এ সময় সভাপতি ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
দলের অপর অংশ সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বে সকাল সোয়া আটটার দিকে দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর তারা শহরের গোয়ালচামট মহল্লায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামসংবলিত স্মৃতিসৌধে ফুলের মালা দেয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সমীর বোস, সাবেক কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার, সদস্যসচিব আইভী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘আমি সাড়ে সাতটার দিকে পতাকা উত্তোলনের সময় দলীয় কার্যালয়ে উপস্থিত থাকলেও সভাপতির অংশের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করিনি। সকাল সোয়া আটটার দিকে আমার অংশ নিয়ে আমি এ কর্মসূচি পালন করি।’
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরে ১১ বছর পর গত ২২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। ওই দিন বলা হয়, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এর প্রায় নয় মাস পার হলেও কমিটি হয়নি। ওই সম্মেলনের পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক দলের দুটি অংশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।