ফরিদপুরে আ.লীগের পৃথক কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসও আলাদাভাবে পালন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ। এর আগে গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও এ দুই পক্ষ পৃথক কর্মসূচি পালন করে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার নেতৃত্বে শহরের থানা মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সভাপতির অংশ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় সভাপতি ছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং সাবেক উপপ্রচার সম্পাদক মনির হোসেন। এ সময় ফরিদপুর সদর আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অপর দিকে সকাল সোয়া নয়টার দিকে সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের আরেকটি অংশ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনিন হায়দার, সদস্যসচিব আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, সাবেক সদস্য লিয়াকত হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) মনিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সুবল চন্দ্র সাহা বলেন, ‘সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেওয়ার দলীয় সিদ্ধান্ত ছিল। এরপরও কেন সাধারণ সম্পাদক পরে এলেন, তা জানি না। একসঙ্গে মালা দিতে পারলে ভালো হতো।’
সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘সকাল সাড়ে আটটার সময় দলীয় কর্মসূচি শুরু হওয়ার সিদ্ধান্ত জানতাম না। তাই কর্মী-সমর্থকদের নিয়ে আলাদাভাবে এসেছি।’
গত বছরের ২২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সুবল চন্দ্র সাহা সভাপতি ও সৈয়দ মাসুদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর ১০ মাস পার হলেও ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। শুরু থেকেই জেলা আওয়ামী লীগের এ দুই নেতা পৃথক ধারার নেতৃত্ব দিয়ে আসছেন।