ফরিদপুরের সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এক পক্ষের লোকজন অন্য পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়েছে। নিহত ব্যক্তির নাম ছরোয়ার মাতুব্বর। তিনি একজন কৃষক বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এলাকাবাসী জানান, সালথা ও নগরকান্দা নিয়ে গড়ে ওঠা ফরিদপুর-২ সংসদীয় এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এর এক পক্ষে আছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মান আকবর ওরফে বাবলু। আর অন্য পক্ষে আছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। এই দুই পক্ষের লোকজনের মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। গত পাঁচ মাসে দুই পক্ষের মধ্যে ১৬টি সংঘর্ষ হয়েছে। এতে ২ জন নিহত ও ৩০০ জনের মতো আহত হয়েছেন। আর ২৪৩টি বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আয়মন আকবরের সমর্থক হাবিবুর রহমান ওরফে লাবলুর সঙ্গে দেলোয়ার হোসেনের সমর্থক হাফিজুর রহমান মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। হাফিজুরের বাবা তেহারউদ্দিন মাতুব্বর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। গত বছর প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এতে বিরোধ আরও চাঙা হয়ে ওঠে।
এর মধ্যে গত শনিবার বিকেলে গট্টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বড় লক্ষদিয়া গ্রামে কর্মী-সমর্থকদের নিয়ে একটি সভা ডাকেন। এ সভা শেষে মাগরিবের নামাজের আগে চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা প্রতিপক্ষ হাফিজুর মাতুব্বর-সমর্থিত ছামাদ সর্দারকে একা পেয়ে বেদম প্রহার করে। মুমূর্ষু অবস্থায় ছামাদকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরই জের ধরে গতকাল রোববার সকালে হাফিজুরের শতাধিক সমর্থক রামদা, ছেনদা, ঢাল, সড়কি, বল্লম, লাঠি নিয়ে চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বুকের পাঁজরে প্রতিপক্ষের বল্লমের আঘাত লেগে চেয়ারম্যানের সমর্থক ছরোয়ার মাতুব্বর ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষ চলাকালে এক পক্ষের লোকজন হাবিবুর রহমান, তানজিলা বেগম, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও শের আলীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে পরিস্থিতি সামাল দেয়।
সালথা থানার উপপরিদর্শক (এস আই) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ লাঠিপেটা করে প্রথম দফা সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে ৬২টি কাঁদানে গ্যাসের শেল ও ১৪৭টি শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে গত ৩০ এপ্রিল সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বাড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত হন গোয়ালপাড়া গ্রামের জিয়া শেখ (২৭)। এ সময় ২০টি বাড়ি ভাঙচুর করা হয়। গত ২৬ জানুয়ারি সালথা গট্টি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত, ৬০টি বাড়ি ভাঙচুর করা হয়। ১২ ফেব্রুয়ারি সালথায় প্রতিপক্ষের হামলায় পাঁচটি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটে এবং তিন নারীসহ ১০ জন আহত হন। ১৩ ফেব্রুয়ারি সালথায় উপজেলা যুবলীগের সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেনকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
১৮ ফেব্রুয়ারি সালথায় দৈনিক বাঙালী খবর-এর সম্পাদক মো. সেলিম মোল্লার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর এবং বৃদ্ধ পিতামাতা ও ভাইবোনকে আহত করা হয়। ১ মার্চ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ৩ মার্চ সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত, ১৭টি বসতবাড়ি ও একটি দোকান ভাঙচুর করার ঘটনা ঘটে। উপজেলার সিংহপ্রতাপ, বাগাট, নারায়ণপুর, কাউলিকান্দা, খোয়াড়, বালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪ মার্চ ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে চার শতাধিক গাছ কেটে ফেলার ঘটনা ঘটে। ২০ মার্চ সালথায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন এবং দুটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। ১ এপ্রিল সালথায় ছয়টি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে। ১৮ এপ্রিল সালথায় আওয়ামী লীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং ৪০ বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
২১ এপ্রিল নগরকান্দায় সংঘর্ষে অর্ধশত মানুষ আহত হয়। এ সময় ২০টি দোকান ভাঙচুর করা হয়। ২৩ এপ্রিল সালথায় সংঘর্ষে ২৬ বসতবাড়ি-দোকান ভাঙচুর করা হয়। ২৮ এপ্রিল নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত ও ৩০ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আয়মন আকবরের কর্মকাণ্ডে সালথা ও নগরকান্দাবাসী অতিষ্ঠ। এ কারণে নগরকান্দা ও সালথা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তাঁর (আয়মন) নেতৃত্ব এলাকার কেউ মেনে নিতে চান না।
জানতে চাইলে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর প্রথম আলোকে বলেন, ‘গত তিন মাসের ঘটনাবলিতে মনে হচ্ছে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যদি আম্মাকে (সাজেদা চৌধরী) ডেকে বলা হয়, আপনি আনপপুলার হয়ে গেছেন, এ এলাকায় আর দরকার নেই, নতুন লোক আসবে, তাহলে ৫৮ বছর রাজনীতি করার পরও সে প্রস্তাব আমরা সানন্দে মেনে নেব।’ তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ হলে এ সমস্যা এক ঘণ্টার মধ্যে সমাধান করা সম্ভব।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আয়মন আকবর বলেন, ‘দেলোয়ারসহ জাতীয় পার্টি করা সাত নেতা মাকে নিয়ন্ত্রণ করতেন। তাঁদের সে সিন্ডিকেট আমি ভেঙে দিয়েছি। এ কারণে তিনি (দেলোয়ার) হয়তো এসব কথা বলছেন।’