ফরিদপুরে কোতোয়ালি ও শহর আ.লীগের কমিটি
ফরিদপুরে গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি ও শহর আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। বেলা ১১টার দিকে শহরের অম্বিকা ময়দানে ওই সম্মেলন হয়। এতে কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে মো. আবদুর রাজ্জাক মোল্লা কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও সামসুল আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে খন্দকার নাজমুল ইসলাম ও সাজ্জাদ হোসেন বরকত।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দল শক্তিশালী করতে হলে বিভেদ দূর করতে হবে। নেতা হতে হলে আত্মা বড় হতে হয় ও তাঁকে ব্যাপক চিন্তার অধিকারী হতে হয়। যাঁরা বঙ্গবন্ধুর অনুসারী, যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।