ফরিদপুরে দুই ভাগে শ্রদ্ধা নিবেদন জেলা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত শহীদদের নাম-সংবলিত বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপি।

গতকাল রোববার সকাল সোয়া আটটার দিকে জেলা বিএনপির তৃতীয় সহসভাপতি আজম খানের নেতৃত্বে একটি অংশ এবং এর পাঁচ মিনিট পর দ্বিতীয় সহসভাপতি শহীদ পারভেজের নেতৃত্বে অন্য একটি অংশ জেলা বিএনপির নামে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

আজম খানের নেতৃত্বাধীন অংশে অন্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সহসম্পাদক বি এম রায়হান, তাঁতিবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।

শহীদ পারভেজের নেতৃত্বাধীন অংশে অন্যদের মধ্যে ছিলেন সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি হামিদুল হক, শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মিয়া, জেলা যুবদলের সভাপতি আফজল হোসেন খান প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শহীদ পারভেজ বলেন, ‘আমাদের একসঙ্গে শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার কথা ছিল। কিন্তু আজম খান, রশিদুল ইসলামরা একটু আগে শহীদবেদিতে পৌঁছে যাওয়ায় তাঁরা আগেভাগে ফুল দিয়েছেন। এতে দোষের কিছু হয়নি বা দলের অভ্যন্তরীণ বিভেদের প্রকাশও নয় এটি।’

তবে এ বক্তব্য নাকচ করে দিয়ে জেলা বিএনপির সহসভাপতি আজম খান প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির সভাপতি বর্তমানে আজমির শরিফে রয়েছেন এবং সাধারণ সম্পাদক রয়েছেন ঢাকায়। তাঁদের অনুপস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যাঁরা শহীদবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, সেটাই সত্যিকারের জেলা কমিটি। এর বাইরে অন্যরা কে কী করল সেটা দেখার বিষয় নয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমার জানামতে শহীদ পারভেজ ও হামিদুল হকের নেতৃত্বে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ করেছে।’ রশিদুল ইসলামের নেতৃত্বে অন্য একটি অংশের পুষ্পার্ঘ্য অর্পণের ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘দিতে পারে, দলীয় ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এ ব্যাপারে আমার আর কী বলার আছে?’