ফরিদপুরে নির্বাচনী সহিংসতা, আহত ২
ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ দুজন আহত হয়েছেন। এ ছাড়া বিএনপি-মনোনীত এক চেয়ারম্যান প্রার্থীকে নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ডিক্রিরচর ইউনিয়নে এবং রাত ৯টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নে এ ঘটনা দুটি ঘটে।
রাত ১১টার দিকে ডিক্রিরচর ইউনিয়নের চরটেপুরাকান্দি এলাকায় একটি মাইক্রোবাসে সহযোগীদের নিয়ে নির্বাচনী প্রচারণা করে ফিরছিলেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসানের ভাই আলমগীর ফকির (৩১)। বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএর কার্যালয়ের সামনে এলে ওই মাইক্রোবাসের ওপর তিন দিক থেকে ইট মারা হয়। এর ফলে মাইক্রোবাসের সামনের কাচসহ তিনটি কাচ ভেঙে আলমগীর ফকির, তাঁর সহযোগী বেলায়েত হোসেন (৪৬) আহত হন। ইটের আঘাতে আলমগীর ফকিরের মাথা ফেটে গেছে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলায়েতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেদী হাসান বলেন, ‘এ হামলার ঘটনা আমি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’ তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।’ মেহেদী হাসান আরও বলেন, তাঁর ইউনিয়নে নির্বাচনের কোনো পরিবেশ নেই।
ঈশান গোপালপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী নূরুজ্জামান চৌধুরী বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে তিনি আট সহযোগীকে নিয়ে একটি মাইক্রোবাসে বিভিন্ন চায়ের দোকানে নির্বাচনী প্রচারণা করছিলেন। ইউনিয়নের গোপালপুর বাজার হয়ে বিষ্ণুপুর এলাকায় মনি খাঁর চায়ের দোকানের সামনে এলে আনুমানিক ৩০টি মোটরসাইকেল ও ছয়টি মাইক্রোবাসের একটি বহর তাঁর গতি রোধ করে। ওই বহরের আগত বহিরাগতরা তাঁর গাড়িতে ‘টাকা ও অস্ত্র আছে, আমরা চেক করব’ বলে তল্লাশি করার নাম করে তাঁকে ও তাঁর সহযোগীদের মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। পরে নূরুজ্জামান চৌধুরীকে আর মাইক্রোবাসে উঠতে দেওয়া হয়নি।
নূরুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘মঙ্গলবার সারা রাত ওই বহরের লোকজন আমার কর্মীদের বাড়িতে বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয়। আজ বুধবার সকাল থেকে আমার কর্মীরা বিভিন্ন কেন্দ্রে পোস্টার ঝালাতে গেলে তাদের সে কাজে বাধা দেওয়া হয়।’
নূরুজ্জামান চৌধুরী বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই দুটি ইউনিয়নেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।