ফরিদপুরে শহর ও কোতোয়ালি থানা বিএনপির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহর ও কোতোয়ালি থানা বিএনপির নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত দুটি কমিটিরই সদস্যসংখ্যা ১০১ করে।
গতকাল রোববার বিকেল চারটার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে তাঁর পৈতৃক বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি দুটি ঘোষণা করেন।
শহর কমিটিতে রেজাউল ইসলাম সভাপতি, গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক ও এমদাদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অপর দিকে কোতোয়ালি থানা কমিটিতে রউফ উন নবী সভাপতি, নাজমুল হাসান চৌধুরী সাধারণ সম্পাদক ও শাহ্ শফিকুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ে বিএনপির শহর ও কোতোয়ালি কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অংশগ্রহণকারী কাউন্সিলররা কমিটি ঘোষণার জন্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফকে দায়িত্ব দেন।
এদিকে জেলা বিএনপির সম্মেলন আয়োজন সামনে রেখে আজ সোমবার ফরিদপুরে জেলা বিএনপির তৃণমূল নেতাদের সভা আহ্বান করা হয়েছে। বেলা তিনটায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।