ফরিদপুরের জনসভায় আ.লীগ নেতাদের মুখে ঐক্যের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলটির কেন্দ্রীয় নেতাদের মুখে দলীয় ঐক্যের প্রসঙ্গটি চলে আসে ঘুরেফিরে। ওই জনসভায় প্রধানমন্ত্রীকে সামনে রেখে যেসব কেন্দ্রীয় নেতা বক্তব্য দিয়েছেন, তাঁদের প্রায় সবাই দলের ঐক্যের ওপর জোর দিয়ে বক্তব্য দেন।

বেলা তিনটার দিকে স্থানীয় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।
ওই সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ হারে অন্তঃকোন্দলের কারণে। সম্প্রতি কয়েকটি উপজেলার এবং সুপ্রিম কোর্টের বারের নির্বাচনে আমরা হেরে গেছি।’ তিনি বলেন, আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, কিন্তু ভোটের সময় তা কোনো কাজে আসবে না, যদি দলকে ঐক্যবদ্ধ রাখতে না পারি এবং আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হয়।
‘আপনারা ঘরের মধ্যে ঘর করবেন না’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ক্ষুদ্র স্বার্থে দলের বৃহত্তর স্বার্থ বিসর্জন দেবেন না। দল করলে দলের নিয়মশৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে দলে থাকার প্রয়োজন নেই।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘দলের মধ্যে ক্ষমতালিপ্সু বিভিন্ন মহলের অপচেষ্টা থাকে। সে অপচেষ্টা প্রতিহত করে আমাদের এগিয়ে যেতে হবে।’ তিনি দলের মধ্যে সবার মতপার্থক্য দূর করে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আগামী নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনই আমরা শেখ হাসিনাকে উপহার দিতে পারব।’
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা।