
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজয় মানতে রাজি নন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামিউল হক ও দলের স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল রোববার এক জনসভায় এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দেন তাঁরা।
পৌর পার্কে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জবাসী ও নৌকা প্রতীকের নির্বাচন-পরবর্তী জনসভায় গতকাল বিকেলে এ ঘোষণা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ এই সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহসভাপতি রুহুল আমীন প্রমুখ।
মেয়র প্রার্থী সামিউল হক বলেন, ‘৩০ ডিসেম্বর রাতে আমরা যখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাই, তখন রিটার্নিং কর্মকর্তা বলেন, আমি ৮৬৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছি। কিন্তু পরে বেসরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, স্বতন্ত্র প্রার্থী ও জেলা জামায়াতের আমির নজরুল ইসলাম ৩১ হাজার ৫০৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। আর আমি পেয়েছি ৩০ হাজার ৫০৪ ভোট। রিটার্নিং কর্মকর্তা ষড়যন্ত্র করে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছেন। এর বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নেব এবং বিজয় ছিনিয়ে আনব।’ একই ধরনের কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডল ও সহসভাপতি জিয়াউর রহমান।
সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘৫৭ কেন্দ্রের মধ্যে ৫৪টির ফলাফলে অনেক ভোটের ব্যবধানে এগিয়ে ছিল নৌকা প্রতীক। অন্য তিনটি কেন্দ্রের, বিশেষ করে টিকরামপুর কেন্দ্রের ভোটের ফলাফল আসতে এত দেরি কেন হলো? এটা রহস্যজনক। তবে দলের কেউ কেউ সামিউলকে ভোট দেয়নি। নইলে এমন হতো না। এ ভুল যেন আর না হয়। আইনের আশ্রয় নিয়ে আমরা ভোটের বিজয় ছিনিয়ে আনব।’