ফলনের সঙ্গে বাজারেও বিপর্যয়, দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের ভরদুপুর। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম ধু ধু বালুচরে প্রখর রোদে খেতের আইলে বসে হাঁসফাঁস করছিলেন করণীবাড়ী ইউনিয়নের শণপচা চরের বাসিন্দা ষাটোর্ধ্ব কৃষক মফিজ মণ্ডল। গা থেকে ঘাম ঝরছিল। খেত থেকে সদ্য তোলা মসুর ডাল মাদুরে বিছিয়ে শুকাতে দিয়ে অপেক্ষা করছেন তিনি। একটু পরে একজন কৃষিশ্রমিককে সঙ্গে নিয়ে ডাল ওজন করে বস্তায় ভরছিলেন। খেত থেকে তোলা মসুর ডাল নিয়ে একটু পরে তিনি রওনা হবেন যমুনার পশ্চিম তীরসংলগ্ন মথুরাপাড়া হাটে।
৯ এপ্রিল শণপচা চরের জমির আইলে কথা হয় মফিজ মণ্ডলের সঙ্গে। মফিজ বলেন, ‘পাঁচ বিঘা জমিনত মসুর ডাল কালাই লাহাছিলাম। অসময়ে বৃষ্টিতে খ্যাত নষ্ট হচে। অন্যবার বিঘাপ্রতি চার থেকে পাঁচ মণ পর্যন্ত ফলন পাইচি। এবার বিঘায় গড়ে আড়াই মণ। খরচ উঠিচ্চে না।’
দুপুর সাড়ে ১২টার দিকে শণপচা চরে গিয়ে দেখা গেল, দুর্গম চরজুড়ে মসুর ডাল, খেসারি ডাল আর লাল মরিচ শুকানোর ‘উৎসব’ চলছে। চরের কিষান-কিষানিরা দল বেঁধে বাড়ির উঠানে, ফাঁকা জমিতে মাদুর-চট বিছিয়ে এবং ঘরের ছাউনির টিনের ওপর ডাল ও মরিচ শুকাচ্ছেন।
শণপচা চর থেকে ঘোড়ার পিঠে ছোট চারটি বস্তা তুলে দিয়ে পিছু পিছু হাঁটছিলেন কৃষক জিয়াউল ইসলাম (৪৫)। মসুর ডালে কেমন লাভ হচ্ছে—জানতে চাইলে জিয়াউল ইসলাম বলেন, ‘চরে ৩০ বিঘার মতো জমি রয়েছে। কিন্তু তারপরও সংসারে অভাব ফুরায় না। কারণ, বালুচরে ঠিকমতো ফসল ফলে না। পাঁচ বিঘায় মসুর ডাল চাষ করেছিলাম। চাষবাস, খেত থেকে ডাল তোলা ও হাট পর্যন্ত পরিবহনে বিঘাপ্রতি খরচ গড়ে আড়াই হাজার টাকা। ফলন পেয়েছি বিঘায় আড়াই মণ। কোনো রকমে খরচ উঠছে।’
শণপচা চরের কৃষক জংশের শেখ বলেন, এক সপ্তাহ আগেও এই হাটে প্রতি মণ মসুর ডাল ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। অথচ এখন তা দেড় হাজার টাকা মণ দরে বিক্রি করতে হচ্ছে।
মথুরাপাড়া হাটের টোল আদায়ে ইজারাদারের নিয়োগ করা জুলফিকার আলী বলেন, অন্যবার এ সময়ে প্রতি হাটবার গড়ে ২০০ থেকে ৩০০ মণ মসুর ডাল উঠত। এবার চরে মসুর ডালের ফলন বিপর্যয়ের কারণে প্রতি হাটে ৫০ থেকে ৬০ মণ করে ডাল আসছে।
তবে সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন চরে ৩ হাজার ৩৭৫ বিঘায় মসুর ডাল চাষ হয়েছে। তিনি দাবি করেন, বিঘাপ্রতি ফলন হবে চার মণ। তিনি জানান, যাঁরা ডাল আগাম চাষ করেছেন, বৃষ্টির কারণে তাঁদের ফলন বিপর্যয় হয়েছে।