উৎসবমুখর পরিবেশে গতকাল শনিবার রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে পৌরসভাজুড়ে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার সময় ভোটকেন্দ্র বা কেন্দ্রের বাইরে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি প্রথম নির্বাচন হওয়ায় ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করেছে বলে জানান প্রার্থী ও ভোটাররা।
সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান। তিনি পেয়েছেন ৩ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান পেয়েছেন ২ হাজার ২২৭ ভোট। তৃতীয় হওয়া বিএনপির প্রার্থী মো. ওমর আলী পেয়েছেন ১ হাজার ৭৯৮ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ১৭৭ জন।
রিটার্নিং কর্মকর্তা বলেন, সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন তাঁরা উপহার দিতে পেরেছেন।
এর আগে ভোট গ্রহণ চলাকালে গতকাল বেলা তিনটায় পৌরসভার কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী মো. ওমর আলী প্রথম আলোকে বলেন, এমন শান্তিপূর্ণ নির্বাচন তিনি আগে দেখেননি। হারলেও তাঁর কোনো দুঃখ থাকবে না। অবশ্য ফলাফল ঘোষণার পর তিনি অভিযোগ করেন, ভোট কারচুপি হয়েছে। দুপুর ১২টার পর বেশ কয়েকটি ভোটকেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় কারচুপি করা হয়েছে। তাঁর এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
কিশলয় ভোটকেন্দ্রে বেলা সাড়ে তিনটায় স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট। তবে বড় দুই দলের প্রার্থীর সমর্থকেরা জাল ভোট দেওয়ার চেষ্টা করেছেন। ফলাফল ঘোষণার পর তিনি অভিযোগ করেন, ভোটে ডিজিটাল কারচুপি হয়েছে। তাঁর দাবি, ‘প্রিসাইডিং কর্মকর্তারা আওয়ামী লীগের মানুষ। যে কারণে আমার এজেন্টদের কোনো অভিযোগ আমলে নেননি তাঁরা।’
নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী মো. জাফর আলী খান বলেন, জনগণ তাঁরা ওপর আস্থা রেখেছেন।
নির্বাচন সুষ্ঠু করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যা ব, পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ছয়জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক বিভিন্ন কেন্দ্রে তৎপর ছিলেন।
বিজিবির লে. কর্নেল সামসুম মুহীদ ও রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খসরু বলেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। নির্বাচনের পরও বাঘাইছড়ির পরিস্থিতি শান্ত থাকবে। এ জন্য যা যা করণীয়, তা তাঁরা করবেন।
সকালে বাঘাইছড়ি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় নতুন ভোটার অনিল কান্তি চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘ভোট গ্রহণের দিন গন্ডগোলের খবর শোনা যায়। কিন্তু এবার সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। এটা মনে হয় বাঘাইছড়ির সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন।’ বাবুপাড়া কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোট দিয়ে এসে নীল বরণ চাকমা বলেন, ভোট নিয়ে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক নেই।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসন ব্যাপক সতর্ক ছিল। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাও সারা দিন তৎপর ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ পায়নি।