ফাঁকা কেন্দ্রে জাল ভোটের অভিযোগ, ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে গতকাল সোমবার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। এর মধ্যেই বিভিন্ন কেন্দ্র দখল করে সরকারদলীয় প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগে, ভোট গ্রহণ চলাকালে তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

গতকাল সন্ধ্যায় ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায় উভয় আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে ময়মনসিংহ-১ বিজয়ী হয়েছেন জুয়েল আরেং এবং ময়মনসিহং-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ। জুয়েল আরেং (প্রয়াত সাংসদ প্রমোদ মানকিনের ছেলে) পান ১ লাখ ৭০ হাজার ৭৭০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন ১৪ হাজার ৩৩৮ ভোট। নাজিম উদ্দিন আহমেদ ১ লাখ ১৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুজ্জামান জামাল পেয়েছেন ৪ হাজার ৩৭২ ভোট।

গত ২ মে ময়মনসিংহ-৩ আসনের সাংসদ মজিবুর রহমান ফকির ও ১১ মে ময়মনসিংহ-১ আসনের সাংসদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা গেলে এসব আসন শূন্য হয়।

গৌরীপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদের পক্ষে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া ও তাঁর প্রতিপক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে দুপুরে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামছুজ্জামান জামাল, স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক ও ইসলামী ঐক্যজোট প্রার্থী আবু তাহের খান নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তবে গৌরীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, ‘আমরা কোনো প্রার্থীর অভিযোগ পাইনি। নির্বাচনেও কোনো অনিয়ম দেখা যায়নি।’

সরেজমিন: সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরেজমিনে গৌরীপুর আসনের ১০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম। সাড়ে আটটায় কলতাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, একজন ভোটারও নেই। নয়টা পর্যন্ত এ কেন্দ্রে কোনো নারী ভোট পড়েনি। তবে পুরুষ ভোট পড়ে ১৯টি।

সকাল সাড়ে নয়টায় রামগোপালপুর পি জে কে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এটিও ফাঁকা। সাড়ে ১২টা পর্যন্ত গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, আর কে উচ্চবিদ্যালয়, জাগরণী পৌর প্রাথমিক বিদ্যালয়, নুরুল আমিন উচ্চবিদ্যালয়, অচিন্ত্যপুর প্রাথমিক বিদ্যালয়, শাহাগঞ্জ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরেও ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি।

সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বেশ কয়েকজন পুরুষ ও নারী কর্মীকে প্রকাশ্যে জাল ভোট দিতে দেখা যায়। নারী কর্মীরা মুঠোফোনে এর ছবি তোলেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি তাঁদের নিষেধ করেছি। তাঁরা কোনো কথা শোনেননি।’