আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী চায় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘গত জাতীয় নির্বাচনে বিএনপি নিজেরাই নিজেদের বাদ দিয়েছে। নিজেরা যদি নিজেদের বাদ না দেয়, আমাদের কোনো ইচ্ছা নেই, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।’
গতকাল সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের বেশি সময় নেই। দেখেশুনে যাচাই-বাছাই করে জনগণের জরিপের ভিত্তিতে যাঁরা জনগণের কাছে গ্রহণযোগ্য, আওয়ামী লীগ তাঁদেরই মনোনয়ন দেবে। যাঁরা জনগণের কাছে গ্রহণযোগ্য নন, যাঁরা তাঁদের কর্মকাণ্ডের জন্য ‘উইনেবল ক্যান্ডিডেট’ নন, এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য দেন।