ফান্দে পড়িয়া বগা এখন কান্দে : বিএনপি সম্পর্কে মতিয়া
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে হরিণ। আর বিএনপি হায়েনার দল। তাই হরিণ আর হায়েনার মধ্যে ঐক্য হতে পারে না। বিএনপি আসলে বেকায়দায় পড়ে ঐক্যের কথা বলছে। ফান্দে পড়িয়া বগা এখন কান্দে।
আজ শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এই আলোচনা সভার আয়োজন করে।
মতিয়া চৌধুরী বিএনপির সঙ্গে ঐক্য নাকচ করে বলেন, ঐক্য কার সঙ্গে? দেশ যখন শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, তখনই তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যের ডাক দিয়ে পানি ঘোলা করে এর মধ্য থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। জাতি আজ ঐক্যবদ্ধ আছে। তাদের সঙ্গে ঐক্য দরকার নেই।
আলোচনা সভায় ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ১৯৭৫ সালের খুনিদের পাশাপাশি ষড়যন্ত্রকারী ও এর সুবিধাভোগী ব্যক্তিদের বিচার দাবি করেন। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জিয়াউর রহমানের অনুসারী, তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাম্প্রতিক জঙ্গি হামলার বিষয়ে বলেন, ‘কারা এসব জঙ্গি হামলা করছে? যারা আগুন দিয়ে বহু মায়ের কোল খালি করেছে। যারা ১৭ ও ২১ আগস্ট হামলা করেছে, তারাই জঙ্গি হামলার পেছনে। তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।’ বঙ্গবন্ধু সম্পর্কে তিনি বলেন, তিনি (বঙ্গবন্ধু) ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা। জোটনিরপেক্ষ সম্মেলনে তাঁর নামে তোরণ হয়েছিল।
বেসামরিক বিমান চলাচলমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে বেছে বেছে পুরোহিতসহ অন্যদের হত্যা করা হয়েছে। বিদেশিদের খুন করা হয়েছে এটাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য। যাতে বাংলাদেশে বাইরের খবরদারি বৃদ্ধি পায়। যত ষড়যন্ত্রই হোক, আর তারা যতই আশা করুক—এই ষড়যন্ত্রের সুফল তারা ভোগ করতে পারবে না।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, আজ জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সবাই যেভাবে ঐক্যবদ্ধ, ১৯৭৫ সালে এই ঐক্য আরও জরুরি ছিল। তখন ঐক্য হলে হয়তো বঙ্গবন্ধুকে হারাতে হতো না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও ১৯৭৫ সালে কার কী ভূমিকা ছিল, তা ভেবে দেখার আহ্বান জানান। তিনি আরও বলেন, অতীতে কার কী ভূমিকা, দায় ছিল, তা ভেবে শোধরাতে হবে। শুধু কথা, বক্তৃতায় বা আলোচনায় হলে চলবে না। মন থেকে শোধরাতে হবে।
এই দুজন বক্তৃতা দেওয়ার পর প্রথমে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বক্তৃতা করেন। তিনি বলেন, ‘আমরা ১৯৭৫ সালে ঐক্যবদ্ধ ছিলাম না, এটা মেনে নিতে হবে। তবে এখন কারও দিকে আঙুল তুলেও লাভ নেই। এখন ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।’
জাসদের আরেক অংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পালা এলে তিনিও বিষয়টি তোলেন। তিনি বলেন, ‘আজকে ইতিহাস চর্চার সময় নয়। এখন সময়টা নাজুক। আমরা যুদ্ধের মধ্যে আছি। বাইরের উসকানি থাকবে। মাথা ঠান্ডা রাখতে হবে। ঐক্য ধরে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ১৯৭১ ও ’৭৫–এর খুনি, আগুন দিয়ে মানুষ হত্যাকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের তত্ত্বাবধায়ক খালেদা জিয়া। আর রাজনৈতিক বিষবৃক্ষ হচ্ছে বিএনপি। জঙ্গিবাদ ও বিএনপিকে দমন করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সাপকে মারতে হবে, ডিম-বাচ্চা মারতে হবে। মা সাপকেও মারতে হবে। এটাই যুদ্ধের নিয়ম।’
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রাজ্জাক, জাতীয় পার্টির (জেপি) শেখ শহিদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।