ফারুকী হত্যায় খালেদা জিয়ার উদ্বেগ

সুপ্রিমকোর্ট জামে মসজিদের খতিব শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, দেশের মানুষ আর নিরাপদ নয়। দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন ফারুকী হত্যার নিন্দা জানান এবং খুনিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ক্ষমতাসীনদের হিংসাত্মক কার্যকলাপের কারণে অপহরণ আর লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় জনসাধারণ সব সময় আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে। ফারুকীকে হত্যার মধ্য দিয়ে আরেকবার প্রমাণ হলো, এই দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলেই গুম, খুন ও অপহরণের ঘটনা ঘটিয়ে অপরাধীরা অদৃশ্য হয়ে যাচ্ছে।
খালেদা জিয়া বলেন, ‘দেশবাসী এমন নৈরাজ্যকর থমথমে পরিবেশে বসবাস করছে, যেখানে পরিবার-পরিজন নিয়ে একজন দ্বীনি আলেমকেও দুষ্কৃতকারীদের হাতে জীবন হারাতে হয়। অবৈধ সরকারের সৃষ্ট কুশাসনের করাল গ্রাস থেকে কেবল দেশের রাজনৈতিক নেতা-কর্মীই নয়, দেশের সম্মানিত বিশিষ্টজনেরাও রেহাই পাচ্ছেন না।’
বিবৃতি খালেদা জিয়া অভিযোগ করেন, অবৈধ ক্ষমতা ধরে রাখতে নৈরাজ্য ও দুঃশাসনের বিকল্প নেই। তাই সরকার এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে। এইভাবে হত্যালীলা চালিয়ে দেশব্যাপী রক্তপাত ঘটানোর জন্য সরকারকে একদিন চরম ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।