ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বিএনপি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপি ফিনিক্স পাখির মতো জেগে উঠবে বলে তিনি আশা করেন।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাফরুলে হালিম ফাউন্ডেশন মডেল স্কুলে এক স্মরণসভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন। কাফরুল থানা বিএনপির আহ্বায়ক আলী আজগর মাতুব্বরের স্মরণে ওই সভার আয়োজন করে থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সব অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কথা বলা, লেখা, সংগঠন, সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। শুধু বিএনপি বা ২০ দল নয়, যাঁরাই প্রতিবাদ করছেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার ত্রাস সৃষ্টি করছে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বিএনপির দিকে, খালেদা জিয়ার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন একটা তামাশা ছিল। পরবর্তী সময়ে সিটি করপোরেশন নির্বাচনও একটা তামাশায় পরিণত হয়েছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।