ফিরোজায় গেছে ব্যাগ, চলছে পরিচ্ছন্নতা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে সকাল থেকে কোলাহল থাকলেও এখন অনেকটাই নীরব। কার্যালয়ের ভেতরে এখন দলের দু একজন নেতা ও কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছেন। কার্যালয় থেকে কয়েক দফায় মালপত্র বের করে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়েছে। সেখানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ।
কেননা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর হলে আদালত থেকে খালেদা জিয়া ঘরে ফিরবেন বলে গতকাল জানিয়েছিলেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
দুর্নীতির এই দুই মামলায় কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আজ শুনানি শেষে জামিন পেয়েছেন খালেদা জিয়া।
গত ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়া গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তির দিনে রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচিকে ঘিরে ওই রাত থেকে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে তালা মেরে দেওয়া হয়। এরপর ১৯ জানুয়ারি থেকে অবরোধমুক্ত করা হলেও তিনি আর কার্যালয় থেকে বের হননি। ৩ জানুয়ারির পর আজই প্রথম কার্যালয় থেকে বের হন খালেদা জিয়া।
আজ সকাল আটটার দিকে কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশের ১০-১২ জন পোশাকধারী সদস্য। তাঁদের মধ্যে কোনো বাড়তি তৎপরতা দেখা যায়নি। পাশাপাশি সাদা পোশাকধারী বেশ কিছু পুলিশ সদস্যও সেখানে ছিলেন। কার্যালয়ের সামনের সড়কে ছিল না কোনো প্রতিবন্ধকতা। সড়ক দিয়ে নির্বিঘ্নে চলছিল যানবাহন। স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন পথচারীরাও।
কার্যালয়ের প্রধান ফটকের সামনে আড়াআড়ি করে রাখা চেয়ারপারসনের নিরাপত্তার কাজে নিয়োজিত বাহিনীর (সিএসএফ) গাড়িটি সকাল নয়টার দিকে সরিয়ে নেওয়া হয়। এ সময় সিএসএফের আরও বেশ কিছু গাড়ি কার্যালয়ের সামনে আসে। এরপর ৯টা ৫৫ মিনিটে খালেদা জিয়া নিয়ে আদালতে উদ্দেশে ছেড়ে যায় গাড়িবহর।
তবে বেলা পৌনে ১১টার দিকে কার্যালয়ের সামনে নেতা-কর্মী বা কর্মকর্তা-কর্মচারীদের কোনো তৎপরতা দেখা যায়নি। খালেদা জিয়া বের হয়ে যাওয়ার পর কার্যালয়ের ভেতরে কেউ যাননি, কেউ ভেতর থেকে বেরও হননি। তবে সেখানে সিএসএফের কয়েকজন সদস্যকে দেখা গেছে। কার্যালয়ের প্রধান ফটক ভেতর থেকে আটকে রাখা হয়েছে। গণমাধ্যমের কর্মীদের ভেতরে যেতে দেওয়া হয়নি।
এদিকে সকাল থেকে সিএসএফের সদস্যদের ওই কার্যালয়ের ভেতর থেকে দফায় দফায় মালপত্র বের করতে দেখা যায়। ছোট-বড় অনেক ব্যাগে করে বের করা ওই মালপত্র খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজায়’ নিয়ে যাওয়া হয়। সিএসএফের সদস্যরা কখনো হেঁটে কখনো গাড়িতে করে ওই ব্যাগগুলো নিয়ে যান।
বেলা ১১টার দিকে ‘ফিরোজায়’ গিয়ে দেখা যায় ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সিএসএফের এক সদস্য বাসভবনের সামনের ডালপালা ও সিসিটিভি ক্যামেরা পরিষ্কার করছিলেন। জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ ভাই, সব গোছাচ্ছি।’
আদালত থেকে খালেদা জিয়া আবার গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে, নিজ বাসভবনে, নাকি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাবেন, তা নিয়ে কয়েক দিন ধরে দলের নেতা-কর্মীদের মধ্যে নানা গুঞ্জন ছিল।
গতকাল সকালে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, আদালত থেকে খালেদা জিয়া হয় গুলশানের কার্যালয়ে, নয়তো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চান। তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের উঠিয়ে দিয়ে তাঁদের মনোবল চাঙা করতে চান। অবশ্য গত রাতেই কার্যালয়ের তালা কেটে তিন মাস পর নেতা-কর্মীরা সেখানে প্রবেশ করেছেন। এ অবস্থায় তিনি কেন্দ্রীয় কার্যালয় ঘুরে বাসায় যাবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধার সৃষ্টি না করলে পরিস্থিতি বুঝে তারপর গুলশানের বাসভবনে যাওয়ার ইচ্ছা রয়েছে খালেদা জিয়ার।