ফুলগাজী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের নির্দেশে মন্ত্রণালয় এই চেয়ারম্যানকে বরখাস্ত করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনটি গতকাল বিকেলে কমিশন সচিবালয়ে পাঠানো হয়। কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আবদুল আলিমের বিরুদ্ধে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বাধা, ভয়ভীতি প্রদর্শন, বেআইনি কর্মকাণ্ড এবং নির্বাচন কমিশন ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’
আবদুল আলিম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণে বাধা, নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীকে মারধর এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে গত শুক্রবার সন্ধ্যায় মামলা করেন ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, গত মঙ্গলবার ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের সমর্থকেরা উপজেলা নির্বাচন অফিসে হানা দিয়ে নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদকে লাঞ্ছিত করে ও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারীকে মারধর করে। এ ছাড়া দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফুলগাজী ও পরশুরাম উপজেলার নির্বাচন অফিস সন্ত্রাসীরা ঘিরে রাখে। এ অবস্থায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের অনেকে মঙ্গলবার জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে যান। তার আগে থেকেই আবদুল আলিমের লোকজন জেলা প্রশাসকের দপ্তরের বাইরে অবস্থান নেয়। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের কয়েকজন জেলা প্রশাসকের দপ্তরে গেলে সন্ত্রাসীরা তাঁদের প্রবেশে বাধা দেয়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক আমিন আল আহসানের কাছে অভিযোগ করা হয়।
এসব ঘটনায় জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ কমিশনে লিখিত অভিযোগ করেন। কমিশন অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায়। এসব ঘটনায় কমিশন গত বুধবার ফুলগাজী উপজেলার সব কটি ইউপির নির্বাচন স্থগিত করে। গত বৃহস্পতিবার আবদুল আলিমকে বরখাস্তের নির্দেশ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয় নির্বাচন কমিশন।
ফুলগাজীতে সভা ও বিক্ষোভ: আবদুল আলিমের বিরুদ্ধে থানায় মামলা ও তাঁকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের প্রতিবাদে গতকাল বিকেলে ফুলগাজী উপজেলা সদরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সম্প্রতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে। উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কিছু ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। ঘটনাটি শোনার পর উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।
বক্তারা আবদুল আলিমের বিরুদ্ধে ফুলগাজী থানায় দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর অপসারণ আদেশ প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। একটি কুচক্রী মহল এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁকে জড়ানোর চেষ্টা করে। তিনি বলেন, ‘আমি যদি বাধাই দিতাম, তাহলে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা জেলা সদরে এতগুলো মনোনয়নপত্র কীভাবে জমা দিলেন?’