ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসে গতকাল শনিবার দলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শামছ উদ্দিন আহমেদ। দীর্ঘদিন উপজেলায় না আসায় তিনি তাঁদের তোপের মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শামছ উদ্দিন আহমেদ গতকাল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন। এ সময় পৌর যুবদলের কয়েকজন নেতা শামছ উদ্দিনের কাছে দীর্ঘদিন উপজেলায় না আসার কারণ জানতে চান। পৌর যুবদলের নেতারা দলের দুঃসময়ে কেন তিনি (শামছ উদ্দিন আহমেদ) উপজেলায় এলেন না, কেন নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হলেও তিনি কারও পাশে দাঁড়াননি, কেন খোঁজখবর নেননি—এসব প্রশ্নের মুখে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনিও পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। এ সময় সাবেক সাংসদের পক্ষের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জ্যেষ্ঠ কয়েকজন নেতার মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুর কবীর বলেন, ‘আমরা দলের হয়ে কাজ করি। বিপদে-আপদে যদি সভাপতিকে পাশে না পাই, তা তো তাঁকে অভিযোগ করতেই পারি। কিন্তু আমাদের অভিযোগে তিনি উত্তেজিত হয়ে ওঠেন।’
শামছ উদ্দিন আহমেদ বলেন, ‘এমন কিছু হয়নি। দলের কয়েকজন আমাকে বেশ কিছু প্রশ্ন করেছে। প্রশ্ন করার অধিকার তাঁদের আছে, তবে সেটা পরিস্থিতি ও সময় বুঝে করা উচিত।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তা তাঁদের দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ থাকায় পুলিশ ফিরে আসে।