
হালকা শীতের অলস দুপুর। ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার চান্দের বাজারের একটি দোকানে ছোট জটলা। পরিচয় দিয়ে আলাপ শুরু হলো পৌরসভা ও নির্বাচন নিয়ে। মোশাররফ হোসেন নামের একজন বলে উঠলেন, ‘নামে পৌর শহর, কামে কিছু না।’ বাকিরাও তাঁর বক্তব্য সমর্থন করলেন।
ময়মনসিংহ জেলার যে নয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, তার মধ্যে ছয়টি ‘ক’ শ্রেণির। ফুলবাড়িয়া পৌরসভাটি ‘খ’ শ্রেণির। পৌরসভা গঠনের ১৫ বছরেও এখানে শহুরে আবহ পুরোপুরি তৈরি হয়নি। পৌরসভার প্রধান সড়কটি ধরে এর আশপাশে দোকানপাট, সরকারি অফিস-আদালত ঘিরে শহরতলি ভাব আছে। কিন্তু চান্দেরবাজার হয়ে সামনে এগোলে শহরের কোনো চিহ্ন চোখে পড়ে না। বেশির ভাগ বাড়িতেই গ্রামীণ গৃহস্থ পরিবেশ। ধান কাটা, ধানমাড়াই নিয়ে ব্যস্ত অধিকাংশ বাড়ির মানুষ। পৌরসভা কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখানে ১ হাজার ২৬৭টি শৌচাগার এখনো অস্বাস্থ্যকর।
পৌরসভার বাসিন্দা হিসেবে কেমন সেবা পান—এমন প্রশ্নের জবাবে চান্দেরবাজারের স্থানীয় বাসিন্দা হযরত বললেন, এলাকার রাস্তাঘাট মোটামুটি ভালো। কিন্তু পর্যাপ্ত ড্রেন নেই, পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। বর্ষায় অনেক জায়গায় পানি জমে। বেশির ভাগ এলাকায় সড়কবাতি নেই।
একই ধরনের প্রশ্নে আবদুর রহমান নামের একজন জানান, সেবা কী পান তিনি ঠিক জানেন না। তবে গ্রামের বাড়িতে যে লাউ ২০ টাকা, এখানে সেটি তাঁকে কিনতে হয় ৩০ থেকে ৩৫ টাকায়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, শহর এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। আছে মশার উপদ্রব। পৌরসভায় চিত্তবিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। ভালো খেলার মাঠ বা পার্ক নেই। মূল সড়কের আশপাশের সড়কের বেশ কটি এখনো কাঁচা। সাপ্লাইয়ের পানির ব্যবস্থা নেই। শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়ছে শেয়ালের উপদ্রব। এ ছাড়া বাড়ছে মাদক সেবন, বিশেষ করে ৫ নম্বর ওয়ার্ডে।
এত কিছু না থাকার পরও বাসিন্দাদের অনেকে খুশি তাঁদের পৌরসভা নিয়ে। কেউ কেউ আশাবাদী, যেহেতু এখন ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয়েছে, তাই তাঁদের জীবনমানও দ্রুত আরও উন্নত হবে। তেমনই একজন কুশমাইলের মোজাফফর। বাড়ির আঙিনায় তিনি ধানমাড়াইয়ের কাজ করছিলেন। পৌরসভার বাসিন্দা হিসেবে বর্তমান সেবায় খুশি কি না—এমন প্রশ্নে হেসে উত্তর দিলেন—ভালোই তো। তবে গ্যাস দরকার।
প্রায় ১৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ২০০১ সালের মে মাসে ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করেছিল ফুলবাড়িয়া পৌরসভা। ১০ বছরের মাথায় গিয়ে তা ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা ৩১ হাজার ৫৮ জন। যদিও পৌরসভা আইন, ২০০৯-এ বলা আছে, পৌরসভা ঘোষণা করতে হলে জনসংখ্যা ৫০ হাজারের কম হবে না।
পৌরসভার সচিব হারুন অর রশীদের দেওয়া তথ্যমতে, পৌরসভার মোট রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার। এর মধ্যে ২৩ কিলোমিটারই কাঁচা। ড্রেন আছে সব মিলিয়ে ১৮ কিলোমিটারের মতো। সড়কবাতি আছে ১৫১টি, যা পৌর এলাকার মাত্র ৪ শতাংশের মতো এলাকা কাভার করে।
বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌর এলাকার বাসিন্দাদের একটি বড় অংশ কৃষিনির্ভর। এখানে কোনো শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা নেই। এ কারণে কাজের সুযোগও সীমিত। পৌরসভা কার্যালয়ের হিসাব অনুযায়ী, এখানে ক্ষুদ্রশিল্পের মধ্যে আছে ছয়টি বয়লার রাইস মিল, ১২টি পোলট্রি ফার্ম এবং পাঁচটি আইসক্রিম ফ্যাক্টরি।
এই পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের গোলাম কিবরিয়া। তিনি আবার দলের মনোনয়ন পেয়েছেন। বিএনপি থেকে ওমর ফারুক মাস্টার। কিন্তু সেখানে বিদ্রোহী প্রার্থী আছেন বিএনপির চান মাহমুদ।