ফুলবাড়ীর শিক্ষায় রামপাল আন্দোলন সফলের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলবাড়ী আন্দোলন থেকে শিক্ষা নিয়ে সুন্দরবন রক্ষায় রামপালে বিদ্যুৎ প্রকল্পবিরোধী আন্দোলন সফল করার ডাক দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফুলবাড়ী আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানানো হয়।

কমিটির আহ্বায়ক মো. শহীদুল্লাহ বলেন, ন্যায্য আন্দোলন কখনো বিফল হয় না। ফুলবাড়ীতে সেটা প্রমাণিত হয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে সুন্দরবন রক্ষায় রামপাল প্রকল্পবিরোধী আন্দোলন এগিয়ে নিতে হবে।

প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, মানুষ কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এর মধ্যে মাতৃভাষার অধিকার, মাতৃভূমির অধিকার এবং মাতৃভূমির সম্পদ রক্ষার অধিকার অন্যতম। মাতৃভূমির সম্পদ রক্ষায় ২০১০ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে যাঁরা জীবন দিয়েছেন, তাঁরাও শহীদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, ফুলবাড়ী আন্দোলনের তিনটি শিক্ষা কাজে লাগানো গেলে সুন্দরবন আন্দোলনও সফল হবে। সেগুলো হলো—প্রথমত, স্থানীয় জনগণ ফুলবাড়ী আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিয়েছিলেন। তাঁদের উদ্বুদ্ধ ও সচেতন করা গিয়েছিল। দ্বিতীয়ত, সমগ্র জাতি আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। তৃতীয়ত, শাসকশ্রেণির যে অংশ ক্ষমতার বাইরে ছিল (আওয়ামী লীগ) তারা আন্দোলনের পক্ষে ছিল। এখন অবস্থা একই রকম। এখন বিএনপি পক্ষে। তিনি বলেন, এখন পর্যন্ত সুন্দরবন আন্দোলনের ঘাটতি হচ্ছে, স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা যায়নি।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ফুলবাড়ী আন্দোলনের সংগঠক নূর মোহাম্মদ, সিপিবির নেতা রুহিন হোসেন প্রমুখ।

এর আগে শহীদ মিনারে ফুল দিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা, বাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্ক্সবাদী), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন ফুলবাড়ীতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়।

২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির বিরুদ্ধে স্থানীয় জনগণের করা আন্দোলনে পুলিশ-বিডিআরের গুলিতে তিন যুবক নিহত হন। এ দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন।