ফেনী ও পটিয়ায় বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া ও ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জেলা ছাত্রদল পৃথকভাবে এ কর্মসূচি পালন করে।
ফেনী: গতকাল সকালে ফেনী জেলা জজ আদালত চত্বর থেকে আইনজীবী ফোরামের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তাঁরা সমাবেশ করেন। ফেনী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আবু তাহের সমাবেশে সভাপতিত্ব করেন। সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মেজবাহ উদ্দিন খান, ইউছুপ আলমগীর চৌধুরী, পার্থ পাল চৌধুরী, নুরুল ইসলাম ও সাহাব উদ্দিন।
বক্তারা বলেন, তারেক রহমানকে রাজনৈতিক কারণে সাজা দেওয়া হয়েছে।
এদিকে জেলা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পটিয়া: তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া রায় দেশের জনগণ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। ষড়যন্ত্র উপক্ষো করে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন বলেও বিএনপির নেতারা আশা প্রকাশ করেন। পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, পৌরসভা বিএনপির সহসভাপতি গাজী আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা তৌহিদুল আলম, পৌরসভা যুবদলের সভাপতি শাহজাহান চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ।