ফেনী জেলা ছাত্রলীগের সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে মো. সালাহ উদ্দিন ওরফে ফিরোজকে সভাপতি ও জাবেদ হায়দার ওরফে জজকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এর আগে দুপুর ১২টায় শহরের মিজান ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সাংসদ জাহানারা বেগম সুরমা প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ওরফে রিন্টুর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আলাউদ্দিন।
‘খালেদাকে নির্বাসনে পাঠাতে ছাত্রলীগই যথেষ্ট’: সম্মেলনের প্রধান অতিথি আলাউদ্দিন নাসিম বলেন, ছাত্রলীগের কর্মীদের লেখাপড়া করতে হবে। আলোর বার্তা ছড়াতে হবে। তিনি বলেন, জাতির জনকের কন্যা ও নাতি-নাতনিরা হাওয়া ভবনের মতো কোনো ভবন তৈরি করেননি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়াকে নির্বাসনে পাঠাতে আওয়ামী লীগের দরকার নেই। এ জন্য ছাত্রলীগই যথেষ্ট।’