ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক
ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।
শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন চৌধুরী নাসিম। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সাংসদ
জাহান আরা বেগম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন ও সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর এবং ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
বক্তারা শহীদ জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মাণসহ জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে সাধ্যমতো ভূমিকা রাখার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আহ্বান জানান।