ফেনী জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার, বিক্ষোভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সমবায় বিপণিবিতানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, নাশকতা, পুলিশের ওপর হামলাসহ ২২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

গাজী হাবিবুল্যাহ জেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোডের সেন্ট্রাল হাইস্কুলের সামনে বিক্ষোভ করেন। এ সময় চার-পাঁচটি অটোরিকশা ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদুল্লা কায়সার সড়কের সমবায় মার্কেটের সামনে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। মিছিল শুরুর আগেই ফেনী থানা পুলিশের একটি দল সেখান থেকে গাজী হাবিবুল্যাহকে গ্রেপ্তার করে। এরপর ক্ষুব্ধ নেতা-কর্মীরা শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোডের সেন্ট্রাল হাইস্কুলের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে মিছিল থেকে নেতা-কর্মীরা চার-পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় ধাওয়া দিয়ে যুবদলের দুই কর্মীকে আটক করে পুলিশ।

ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন যুবদলের সভাপতিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তির দাবি করেন। তাঁরা আরও অভিযোগ করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল পণ্ড করে দিয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, গতকাল সন্ধ্যায় ফেনীর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গাজী হাবিবুল্যাহকে জেলহাজতে পাঠানো হয়েছে।