ফেনীতে বিএনপির ভোট বর্জন
কেন্দ্র দখলের অভিযোগের মধ্য দিয়ে গতকাল সোমবার ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শেষ হয়েছে। কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির প্রার্থীরা বেলা ১১টার মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
গতকাল পরশুরামের মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ; ফুলগাজীর সদর ইউনিয়ন, মুন্সিরহাট, দরবারপুর, জিএম হাট, আনন্দপুর ও আমজাদ হাট; ফেনী সদরের ধর্মপুর ও বালিগাঁও ইউনিয়নে নির্বাচন হয়। তবে পরশুরামের তিনটিতে ও ফুলগাজীর আনন্দপুর ও দরবারপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া সোনাগাজীর চরচান্দিয়া ও ছাগলনাইয়ার পাঠাননগর ইউপির একটি করে ওয়ার্ডে সদস্য পদে পুনর্নির্বাচন হয়।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর দুটি মাইক্রোবাস পুড়িয়ে দেওয়া হয়। একই ভোটকেন্দ্রে গতকাল সকালে আবারও দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হন।
সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে নয়টায় ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছিল প্রায় ভোটারশূন্য। স্থানীয় লোকজন বলেন, আগের রাতে ও সকালে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবাজির কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ কারণে ভোটার উপস্থিতি কম। পৌনে ১০টার দিকে বরইয়া এম এ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই অবস্থা দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, গত রোববার রাতে বহিরাগত লোকজন এসে স্থানীয় লোকজনকে ভোটকেন্দ্রে যেতে বারণ করেছেন।
সকাল ১০টা ৩০ মিনিটে ফুলগাজীর উত্তর আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ১০টা ৪৫ মিনিটে আজমিরি বেগম বালিকা বিদ্যালয় কেন্দ্র, ১১টায় মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে উত্তর তারাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৫টি ভোটকেন্দ্রে গিয়ে অল্প কিছু ভোটার দেখা যায়। তবে সব ভোটকেন্দ্রের বাইরে অনেক ‘বহিরাগত’ ব্যক্তিকে দেখা গেছে।
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আজহারুল হক বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বহিরাগত লোকজন আগের রাতেই সব ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। তারা ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করে। এলাকায় বোমাবাজি করে আতঙ্কের সৃষ্টি করে। সকাল থেকে ভোটকেন্দ্রে যেতে পথে পথে ভোটারদের বাধা দেওয়া হয়। কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা হয়।
তবে আওয়ামী লীগের প্রার্থী শাখাওয়াত হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই তিনি অপপ্রচার চালাচ্ছেন।’
এদিকে ভোটারদের ভয়ভীতি দেখানো, বোমাবাজি, কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে ছয়টি ইউপিতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোনো কেন্দ্রের ভেতরে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন দু-একটি ঘটনার কথা শোনা গেলেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।
আওয়ামী লীগের জেলা সভাপতি আবদুর রহমান ভোটকেন্দ্র দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীরা এলাকায় জনপ্রিয়। বহিরাগত দিয়ে ভোটকেন্দ্র দখল করার প্রশ্নই আসে না।’