ফেনীতে বিএনপির মেয়র পদপ্রার্থীর আপিল খারিজ
আপিলেও ফেনী পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ফজলুর রহমানের মনোনয়নপত্র টিকল না। গতকাল বুধবার তাঁর আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ফেনী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে গত ৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ফজলুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেন। পৌরসভার ইজারার বকেয়া টাকা পরিশোধ না করা ও মামলাসংক্রান্ত তথ্য গোপন করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার এ আদেশের বিরুদ্ধে প্রতিকার চেয়ে গত ৭ ডিসেম্বর আপিল কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেন বিএনপির এই প্রার্থী।
গতকাল দুপুরে আপিল কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তরে শুনানি হয়। তবে প্রার্থী ফজলুর রহমান আপিল আবেদনের শুনানিতে অনুপস্থিত ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের। মনোনয়নপত্র জমাদান, যাচাই-বাছাইকালেও ফজলুর রহমান অনুপস্থিত ছিলেন
আপিল আবেদনেও ফজলুর রহমানের মনোনয়নপত্রের বাতিলের ফলে ফেনী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি আলাউদ্দিন এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। ফেনী পৌরসভার ১৮টি সাধারণ ওয়ার্ডে ১৬ জন এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের ৪টিতে একজন করে কাউন্সিলর প্রার্থী থাকায় তাঁরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
এদিকে পরশুরাম পৌরসভার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল হলেও প্রার্থিতা ফিরে পেতে তিনি আপিল করেননি বলে জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের।