ফেনীতে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া এবং ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালায়। কিছুক্ষণের মধ্যে তারা যাত্রীবাহী একটি বাস ও একটি ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে ফেনী থেকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এ সময় প্রায় ৪০ মিনিট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্রদল ও যুবদলের কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া শহরের ট্রাংক রোডের খাজুরিয়া রাস্তার মাথা সড়কে টায়ার জ্বেলে আগুন দেওয়া হয় এবং শহরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের ভাষ্য, শহরে আইনশৃঙ্ক্ষলা রক্ষায় পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।