
ফেনী সদর পৌরসভাতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগের প্রার্থী। গতকাল সোমবার জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। এই পৌরসভার আরও দুজন কাউন্সিলর প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
গতকাল পর্যন্ত ফেনী পৌরসভায় ১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৫ জন এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে চারজন মোট ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী।
এর আগে গত শনিবার যাচাই-বাছাইয়ে ফেনীর পরশুরামে বিএনপির মেয়র পদপ্রার্থী বাদ পড়ায় সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী মেয়র নির্বাচিত হতে চলেছেন। ফেনী সদর, পরশুরাম ও দাগনভূঞা পৌরসভার তিনজন মেয়রের মধ্যে দুজন এবং ৪৮টি কাউন্সিলর (সাধারণ ও সংরক্ষিত) পদের মধ্যে ৩৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
ফেনী পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বলেন, জাতীয় পার্টির প্রার্থী মির্জা মোহাম্মদ ইকবাল গতকাল নিজে উপস্থিত হয়ে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হাজী আলা উদ্দিনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। এ ছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর কামাল উদ্দিন মাহমুদ এবং ১২ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থী মাকসুদুল আলম ও আবদুল্লাহ বাবলু তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। ৮ নম্বর ওয়ার্ডে মো. মফিজ উল্যাহ এবং ১২ নম্বর ওয়ার্ডে হারুন উর রশিদ ছাড়া আর কোনো প্রার্থী নেই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বলেন, ফেনী পৌরসভায় তিনটি সাধারণ ওয়ার্ড এবং দুটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে এ ওয়ার্ডগুলোতে নির্বাচন হবে।
পরশুরাম পৌরসভায় মেয়র ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। এ পৌরসভায় দুটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে এখনো দুজন করে মোট চারজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
দাগনভূঞা পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৪টিতে এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। বাকি ৫টি সাধারণ ওয়ার্ডে ১৯ জন প্রার্থী রয়েছেন। তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দাগনভূঞা পৌরসভায় শুধু মেয়র ও পাঁচটি সাধারণ ওয়ার্ডে নির্বাচন হবে।