ফেনীর জেলেপল্লিতে আ.লীগ ও বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলার শিকার জেলেপল্লির বাসিন্দাদের সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। গতকাল শনিবার সকালে বিএনপির নেতারা ও বিকেলে আওয়ামী লীগের নেতারা ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের জেলেপল্লিতে যান। তাঁরা হামলার শিকার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চাঁদা না পেয়ে গত বুধবার রাতে সন্ত্রাসীরা জেলেপল্লির এক অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরদিন ফেনী সদর হাসপাতালে ওই নারীর গর্ভপাত হয়।
এ ঘটনায় জেলেপল্লির বাসিন্দা জহরলাল দাস বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আট-দশজনকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। পুলিশ বৃহস্পতিবার রাতে এজাহারভুক্ত এক আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বলেন, জেলেপল্লিতে হামলার ঘটনা নিন্দনীয়। যারা প্রকৃত দোষী, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এর জন্য দায়ী, তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।