মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের সম্মেলন পিছিয়ে গেছে। গতকাল শনিবার এ সম্মেলন হওয়ার কথা ছিল। দলের কেন্দ্রীয় কমিটি ওই তারিখ নির্ধারণ করে দিয়েছিল।
জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ গতকাল ঢাকায় কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় অংশ নেন। সভা শেষে তিনি বলেন, ২০ মে ছিল জেলা কমিটির সম্মেলনের তারিখ। কিন্তু এদিন কেন্দ্রীয় কমিটির বিশেষ বর্ধিত সভা থাকায় সম্মেলনের তারিখ বাতিল করা হয়েছে। নতুন করে এখনো তারিখ ঠিক করা হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, এক দশক ধরে জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে চলেছে। একদিকে জেলা সভাপতি মো. আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদের নেতৃত্বাধীন অংশ, অপরদিকে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী অংশ। ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ মতবিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। ২০১০ সালের ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটি জেলা আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেয়। কিন্তু দুটি পক্ষের মতবিরোধ থাকায় জেলা কমিটির কোনো সভা হতে পারেনি।