ফের পেছাল বিএনপির প্রতিনিধি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিএনপির প্রতিনিধি সম্মেলন আবারও পেছাল। আজ সোমবার এই সম্মেলন হওয়ার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্থানীয় কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, বিএনপির কতিপয় নেতা চান না এই সম্মেলন হোক। তাই বিভিন্ন সময়ে নানান অজুহাত দেওয়া হচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, দেশব্যাপী দলীয় কার্যক্রম চাঙা এবং সামনে জাতীয় নির্বাচনে সহায়ক সরকার আন্দোলনের কর্মপরিকল্পনা নির্ধারণে ৫১টি কমিটির মাধ্যমে দেশের ৭৫টি সাংগঠনিক ইউনিটে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। গত ২৭ এপ্রিল এই কার্যক্রম শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল ৭ মে। পরে সময় বাড়িয়ে করা হয় ১৫ মে। এই প্রতিনিধি সম্মেলনের প্রতিবেদন চেয়ারপারসনের কাছে দেওয়ার কথা। এই সম্মেলনে জেলার পূর্ণাঙ্গ কমিটি এবং থানা, শহর ও অন্য সহযোগী সংগঠনের শীর্ষ পাঁচ সদস্যের অংশ নেওয়ার কথা।
ফরিদপুরের জন্য এই দলের প্রধান করা হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হককে। সদস্য করা হয় দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শ্যামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান, নির্বাহী সদস্য শাহ মো. আবু জাফর, জাফরুল হাসান, আবুল হোসেন, ইয়াসমিন আরা হক, জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলীকে।
৬ মে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে প্রতিনিধি সম্মেলনের দিন ধার্য করা হয়। দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিদেশ ভ্রমণের কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করে ১৫ মে করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘দুই নেতা অসুস্থ থাকায় সম্মেলন করা সম্ভব হচ্ছে না। আমরা কেন্দ্রের কাছে দলের বাস্তব অবস্থা তুলে ধরব। কেন্দ্রীয় নেতারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতা প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির কতিপয় নেতা দীর্ঘদিন ধরে দলকে কুক্ষিগত করে রেখেছেন। তাঁরা আন্দোলনের সময় মাঠে নামেন না। তাঁদের নামে কোনো মামলাও হয়নি। ক্ষমতাসীন দলের সঙ্গে লিয়াজোঁ করে তাঁরা রাজনীতি করেন। দলে তাঁদের বড় পদ থাকলেও কর্মীদের সঙ্গে সম্পৃক্ততা নেই। তাঁরা তৃণমূল নেতা-কর্মীদের মুখোমুখি হতে ভয় পান। তাই সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও তাঁরা বানচাল করে দিচ্ছেন। এ সম্পর্কে সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘কর্মীদের বিভিন্ন ভাবনা হতেই পারে। এসব ভাবনা অমূলকও নয়।’